ছাত্রের বোমায় উড়ে গেল শ্রেণিকক্ষ
দি নিউজ লায়ন; ছাত্রের বোমায় উড়ে গেল শ্রেণিকক্ষ। যুক্তরাষ্ট্রের মিশিগানে মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্র ‘বোমা’বানিয়েছিল বাড়িতে। সেটা সে নিয়ে এসেছিল বিদ্যালয়ে। এরপর শ্রেণিকক্ষের মধ্যে দুর্ঘটনাবশত ফেটে গেছে বিস্ফোরকটি। এতে ওই ছাত্র ও তার চার সহপাঠী আহত হয়েছে।
স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৮টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। মিশিগানের পুলিশ এক টুইটে জানায়, শ্রেণিকক্ষে বিস্ফোরণের খবর পেয়ে পশ্চিম-মধ্য মিশিগানের নিওয়েগো হাইস্কুলে যায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলেছে, ১৬ বছর বয়সী ওই ছাত্রের তৈরি বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে গেছে। বাড়িতে বানানো বিস্ফোরকটি শ্রেণিকক্ষে নিয়ে এসেছিল সে।
শ্রেণিকক্ষের ভেতরে বিস্ফোরণের পর জরুরি সহায়তা নম্বরে স্কুল কর্তৃপক্ষের ফোন পেয়ে দ্রুত স্কুলে হাজির হন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী ও তার আশপাশে থাকা চার সহপাঠী আহত হয়। বাকি শিক্ষার্থীদের স্কুলের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পরপরই নিওয়েগো কাউন্টির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পর স্কুলগুলো খুলে দেওয়া হয়।

Post a Comment